দেশজুড়ে হত্যা, হামলা, নির্যাতন ও মন্দির ভাঙার প্রতিবাদে রাজধানীল শাহবাগে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে বিভিন্ন স্থান থেকে শাহবাগে এসে জড়ো হন সনাতন ধর্মের হাজারও মানুষ। সম্প্রতি হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানান তারা। এসময় হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের ওপর চলা অত্যাচার, নির্যাতন বন্ধ করতে দ্রুত সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।
তাদের দাবিগুলো হলো- সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।
আন্দোলনকারীরা বলেন, বরাবরের মতোই সরকার পরিবর্তনের পরই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। বিভিন্ন পক্ষ থেকে হামলা বন্ধ করতে আহবান জানানো হলেও তা বন্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে না।
আন্দোলনে অংশ নেয়া নয়ন চক্রবর্তী বলেন, দেশটা তো সবার। এখানে আমাদের নিরাপত্তা চাই। জামায়াত বা অন্য যে কেউ ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নেই৷ কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই৷
পল্লব কুমার নামে আরেক আন্দোলনকারী বলেন, সারাদেশ থেকে আমরা একত্রিত হয়েছি। আমরা আমাদের বাসভবন ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই৷ অতিদ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক।
এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে এক খোলা চিঠিতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটির নেতারা বলেন, পাঁচ আগস্ট থেকে ৫২টি জেলা জুড়ে সাম্প্রদায়িক সহিংসতার কারণে হাজার হাজার হিন্দু পরিবার ধ্বংসের মুখে পড়েছে।শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।